মানুষ বাঁচে আশায়, মানুষ বাঁচে ভালোবাসার অপেক্ষায়, মানুষ বাঁচে যত্নে! আপেক্ষাহীন অযত্নেতো চাবি দেওয়া কাঠের পুতুলও নাচে~ ''
ভালোবাসা কেবলই দুই হৃদয়ের মিলন নয়,হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এমন এক মাধুর্য যা সজ্ঞায়িত করা ভিষণ কঠিন। কেউ ভালোবাসে নিঃশর্তভাবে,কেউ আবার প্রতিশ্রুতির খাঁচায় আটকে পড়ে! আবার কেউ ভালোবাসতে চেয়েও পারেনা সময়ের নির্মমতায়। “ভালোবাসার চেয়েও বেশি” তেমনই এক গল্প যেখানে ভালোবাসা কেবল শব্দ নয়, যত্নে আগলে রাখার এক সুন্দর অনুভূতি।
নূর, বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে থাকা এক মেয়ে যার জীবন শুরু থেকেই অপরিকল্পীত অন্ধকারে তলিয়ে আছে । সমাজের অবহেলা, পারিবারিক নির্যাতন, একাকীত্ব—সবকিছুর মাঝেও সে নিজেকে হারিয়ে যেতে দেয়নি। বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে থাকা এক মেয়ে যার শৈশব ছিলো কাঁটার মতো কষ্টের। অথচ হৃদয় সতেজ ফুটন্ত পবিত্র ফুলের মতো কোমল। সুভাস মিশে রয় রন্ধ্রে রন্ধ্রে। যে ভালোবাসার চেয়ে বেশি চেয়েছিল শুধু একটু আশ্রয়, একটু যত্ন আর একটু নির্ভরতা। কিন্তু পৃথিবী কি এতটা উদার? জীবন কি এতটাই সহজ?
আদিত্য—সে কি প্রেমিক, নাকি অভিভাবক? সে কি নূরের আশ্রয়, নাকি নূরের জীবনের আধার জর্জরিত যন্ত্রণা ভুলিয়ে দেওয়ার এক প্রেমময় মায়াপুরুষ? আদিত্য, যে ভালোবাসার অর্থকে নতুন করে সংজ্ঞায়িত করতে চায়, যার স্নেহ, যত্ন, আর ভালোবাসার ছোঁয়া নূরের জীবনে নতুন আলো হয়ে আসে। সম্পর্কের সংজ্ঞা কখনো কখনো বদলে গিয়ে নামহীন এক অনুভূতি হয়ে জমে থাকে বুকের গহীনে। আর সেই অনুভূতিগুলো কি আসলেই “ভালোবাসার চেয়েও বেশি”?
এই উপন্যাস কেবল প্রেমের নয়, এটি যত্নে গড়া সম্পর্কের সমীকরণ । এক ভাঙা মানুষের নতুন করে জোড়া লাগার গল্প, হারিয়ে যাওয়া অনুভূতিকে নতুন রঙে সাজিয়ে আবার ফিরে আসার গল্প। এটি এমন এক নামহীন ভালোবাসার গল্প, যার গভীরতা ভালোবাসা নামক একটা শব্দের উর্ধ্বে।
নাম মেহরুমা নূর। এই ছদ্মনামেই লেখালেখির জগতে পরিচিত। জন্ম সিরাজগঞ্জ জেলার ছোট্ট এক প্রত্যন্ত গ্রামে। বাবার চাকুরির সুবাদে ছোটো থেকেই যশোর জেলার অভয়নগরে বসবাস। বেড়ে ওঠা, পড়ালেখা সবই সেখানে। বিবাহিত জীবনে পদার্পণ করতেই রাজধানী ঢাকা হয় বর্তমান ঠিকানা। ছোটো থেকেই ছিলাম কল্পনাপ্রবণ। নিজের সব অব্যক্ত অনুভূতি আর দৃশ্যপটগুলোকে কল্পনায় সাজাতে পছন্দ করি। ছোটো থেকেই গল্প, উপন্যাস বইয়ের প্রতি ছিল প্রচুর ঝোঁক । ২০২০ সালে ফেসবুকের গল্প সম্বন্ধে প্রথম জানা। গল্প পড়তে পড়তেই হঠাৎ মাথায় লেখার ইচ্ছে জাগে। শখের বসে এলোমেলো কিছু লিখতেও শুরু করি। জানিনা কেমন কি লিখি। পাঠক পছন্দ করে এটাই অনাকাঙ্ক্ষিত প্রাপ্তি। এভাবেই শুরু হয় লেখালেখির যাত্রা। এরই মাঝে কিছুসংখ্যক ই-বুক প্রকাশ হয়েছে। বই অঙ্গন প্রকাশনী থেকে প্রথম মলাট বই “মৃগতৃষ্ণা” প্রকাশ হয়। দ্বিতীয় বই নয়া উদ্যোগ প্রকাশনী থেকে “ভালোবাসার চেয়েও বেশি”।