কিছু স্বপ্ন থাকে, কিছু আশা থাকে, কিছু শখ থাকে যেগুলো সময়ের স্রোতে কখনো কখনো ঝরে যায় ফুলের পাপড়ির মতো। কিন্তু স্বপ্ন কখনো হারিয়ে যায় না; তারা জীবনের গভীরে শিকড় গেঁথে থাকে এবং একসময় ফিরে আসে নতুন রূপে, নতুন আলোয়, নতুন সম্ভাবনা নিয়ে। ঠিক তেমনই ২৪ জন প্রতিভাবান লেখক ও লেখিকার অনুভূতি, ভাবনা, কল্পনা ও সৃষ্টিশীলতার মেলবন্ধনে জন্ম নিয়েছে আমাদের হৃদয়ের অত্যন্ত প্রিয় আয়োজন- “নীলচে খামে চিঠি”।
এই বইয়ের প্রতিটি লেখা যেন এক একটি নীলচে খাম, যার ভাঁজে ভাঁজে জমে আছে না বলা কিছু কথা, অব্যক্ত অনুভূতি, অপ্রকাশিত ব্যথা, ভালোবাসার স্পর্শ, স্বপ্নের রঙ আর জীবনের নানা অনুচ্চারিত গল্প। প্রতিটি চিঠি একেকটি হৃদয়ের দরজা খুলে দেয়, যেখানে পাঠক খুঁজে পাবেন নিজের অনুভূতির প্রতিধ্বনি। ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা, ভাবনা ও দৃষ্টিভঙ্গির অনন্য সংমিশ্রণে বইটি পেয়েছে এক জীবন্ত আত্মা, যা পাঠকের হৃদয়ে নতুন আবেগের জন্ম দেবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।
আমরা শুধু সম্পাদক হিসেবে পরিচিত হতে চাই না; আমরা চাই আপনাদের ভালোবাসা ও আস্থার স্পর্শে বাংলা সাহিত্যের একনিষ্ঠ সাহিত্যকর্মী হিসেবে বেঁচে থাকতে। আমাদের উদ্দেশ্য কেবল একটি বই প্রকাশ করা নয়, বরং আপনাদের হাতে পৌঁছে দেওয়া এক টুকরো অনুভূতি, একখণ্ড ভালোবাসা, এক অনন্ত আবেগের স্মারক।
সম্মানিত সকল লেখক ও লেখিকাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, আন্তরিক কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। আপনাদের বিশ্বাস, পরিশ্রম ও কলমের মায়াবী স্পর্শেই এই বই পূর্ণতা পেয়েছে।
“নীলচে খামে চিঠি” শুধু আমাদের বুকেই নয়, জায়গা করে নেবে প্রতিটি পাঠকের হৃদয়ের গভীরতম খাঁজে। আপনাদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা, শক্তি ও আশ্রয়।