আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার, ইট, বালি, রড, সিমেন্ট, লোহা, কাঁচ,
এলমুনিয়ামের সভ্যতার কাঠামো নির্মাণ করি, বাংলায় বিদ্বান নই, শব্দের খেলা কম
বুঝি। যা মনে আসে তাই লিখি। বাস্তব ঘটনা কবিতা গল্পের মতো তুলে ধরি নিজের
অজান্তে মোবাইল বাটনে, ল্যাপটপের কিবোর্ডে, কলমের আঁকিবুঁকিতে। নানান চরিত্র
বানাই, ধারণ করি নিজে। প্রতিবাদ, প্রতিশোধ, আশা জাগানিয়া, স্বপ্ন সব মায়ের
ভাষায়, আমার বর্ণমালায়, প্রান্তিক কথামালায়। কেউ আমায় কবি ডাকে ভালোবেসে।
সবাই নয়, কেউ টিপ্পনিও কাটে। বেহায়া শব্দরা তাও বেরিয়ে আসে, না হয় নির্ঘুম করে
কবিতার মতো কিছু শব্দের মালা গাঁথি।
কবিতার আদলের লেখাই আমার আত্মার ভাষা, যেখানে আমি সমাজ, সময় আর
মানুষের গল্প খুঁজে পাই। আমার লেখার মাটি সবসময় সমসাময়িক বাস্তবতার গন্ধে
ভরা। প্রেম, সম্পর্ক, পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক টানাপোড়েনÑএসবই আমার শব্দের
জগৎ গড়ে তোলে। আমার আগের উপন্যাস ‘বন্ধু তুমি সায়াহ্নে’ পাঠকদের কাছে যে
ভালোবাসা পেয়েছিলাম, সেটাই আমাকে আবার নতুন গল্প বলার সাহস জুগিয়েছে।
‘পাঁচ শ টাকার নোট’ একটি ছোট্ট ঘটনার ভেতর থেকে শুরু হয়ে ধীরে ধীরে বিস্তৃত
হওয়া কাহিনি। বাসে পাঁচ’শ টাকার নোটের ভাঙতি না পাওয়ার মতো সামান্য একটি
মুহূর্ত, যা যুক্ত করে দেয় দুই ভিন্ন মানুষের জীবনকেÑশিরিন ও আরমান। শিরিন, এক
সংগ্রামী নারীÑদুই কন্যার জননী, প্রাইমারি স্কুলের শিক্ষিকা, প্রবাসী স্বামীর স্ত্রী;
সংসারের চাপ, পড়াশোনার সংগ্রাম আর গ্রামীণ সামাজিক জীবনের নিয়মকানুনের
ভেতর দাঁড়িয়ে থাকা এক নীরব যোদ্ধা। আরমান, এক কলেজ শিক্ষকÑযার বিবাহিত
জীবন অতীত প্রেমের জটিলতায় আচ্ছন্ন, ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা মানুষ।
বাসের সেই মুহূর্ত থেকে জন্ম নেয় নীরব এক টান, যা হয়তো প্রেম হতে পারত, কিন্তু
থেমে যায়, দায়িত্ব, নৈতিকতা আর আত্মসংযমের সীমানায়। এই গল্পে আছে অদৃশ্য
আকর্ষণ, দ্বন্দ্ব, পরিণতি এবং এই সত্য যে, ইচ্ছে করলে মানুষ প্রলোভনের পথ এড়িয়ে
যেতে পারে, রক্ষা করতে পারে সম্পর্ক, বাঁচাতে পারে পরিবার।
এই উপন্যাসে শিরিনের জীবনের কিছু অংশ বাস্তব, তবে বাকিটা সমাজের নানা কোণ
থেকে তুলে আনা গল্পÑযা কল্পনার রঙে ফিকশনের আকার পেয়েছে। আশি-নব্বই
থেকে দুই হাজার বিশ সাল পর্যন্ত গ্রামীণ জীবন ও পারিবারিক সম্পর্কের বিবর্তন এখানে
ছায়ার মতো ভেসে আছে
আমি বিশ্বাস করি, গল্পের ভেতরে যে মানবিকতা আর সংযমের বার্তা আছে, তা
পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে, কারণ এই গল্প শুধু শিরিন বা আরমানের নয়, বরং আমাদের
চারপাশের অগণিত মানুষের গল্প।
কয়েকটি পঙ্ক্তিÑ
পথে পথে গল্প পড়ে থাকে অগোচরে,
যার অর্ধেক জানা, অর্ধেক শুধু অনুভবের।
প্রেম যদি বাঁধা হয় দায়িত্বের সূক্ষ্ম সুতোয়,
তবু কি তার রঙ মুছে যায় সম্পূর্ণ?
--মোহাম্মদ জাহাঙ্গীর আলম