ফরাসি বিপ্লব থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আধুনিক ইউরোপের ইতিহাসের ওপর সুলিখিত তথ্যবহুল আধুনিক ইউরোপের ইতিহাস ১৭৮৯-১৯৪৫ শীর্ষক গ্রন্থটি। আধুনিক ইউরোপের ইতিহাসের নানা চিত্র ও ছবি সংবলিত ও লিখিত বাংলা ভাষায় গ্রন্থ সম্ভবত এটিই প্রথম। দীর্ঘদিনের শ্রেণীকক্ষে পাঠদানের অভিজ্ঞতা দিয়ে গ্রন্থটি রচিত হয়েছে। গ্রন্থটির প্রতিটি অধ্যায়ের শুরুতে অধ্যায়ের একটি বিষয়-সংক্ষেপ দেয়া হয়েছে-যা গ্রন্থের বড় একটি বৈশিষ্ট্য। একনজরে বিষয়-সংক্ষেপ থেকে শিক্ষক-শিক্ষার্থীগণ অধ্যায়ের মূল বিষয়গুলো জেনে নিতে সক্ষম হবে। তাই গ্রন্থটি শুধু বিভিন্ন বিষয়ের স্নাতক পাস ও সম্মান শ্রেণীর শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষকেরই কাজে আসবে না, বিসিএস পরীক্ষার আন্তর্জাতিক বিষয়ের পরীক্ষার্থীসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রতিযোগীদেরও কাজে আসবে। ইতিহাসের কোনো ঘটনাই বিচ্ছিন্ন নয়। আগের ঘটনার সঙ্গে পরের ঘটনার একটি সম্পর্ক অবিচ্ছেদ্য। তাই প্রতিটি অধ্যায়ে ইতিহাসের ঘটনা এমনভাবে সাজানো হয়েছে, যেখানে একটি ধারাবাহিকতা রয়েছে এবং ঘটনার পূর্বাপর আন্তঃসম্পর্ক রক্ষা করা হয়েছে। ফলে ইতিহাস পাঠে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও উৎসাহী পাঠক ইতিহাসের এই ছন্দময় পর্বটি পাঠে উৎসাহবোধ করবেন। ১৭৮৯ থেকে ১৯৪৫ খ্রি. পর্যন্ত সময়কালের গতিময় ইতিহাসের ঘটনাগুলো আকর্ষণীয় ও বোধগম্য করে তোলার জন্য সমকালের বিষয়ভিত্তিক ছবি ও মানচিত্র দেয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি ইন্টারনেটের কল্যাণেই তা সম্ভব হয়েছে। ফলে বাংলাদেশে বসে শিক্ষার্থীকে ইউরোপের ইতিহাসকে আর কঠিন ও দূরের ইতিহাস মনে হবে না। এতে গ্রন্থটির কলেবরও বৃদ্ধি পেয়েছে। প্রতিটি বিষয় ও ঘটনা প্রশ্ন আকারে সংক্ষিপ্ত এবং বিস্তারিতরূপে সাজানো হয়েছে, যাতে শিক্ষার্থীরা দু'ভাবেই সহজে উত্তর পেতে পারে।
জন্ম ১৯৬৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুর গ্রামে। পড়ালেখা করেছেন সাতবর্গ হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৯০ সালে শিক্ষকতা দিয়েই কর্মজীবনের সূত্রপাত। ভীষণভাবে উপভোগ করেন এ পেশাটি। ঢাকা কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতায় নিয়োজিত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। কীভাবে যেন শুরুতেই ইউরোপের ইতিহাস বিষয়টি পড়ানোর দায়িত্ব বর্তায়। সেই থেকে এখনো এই জায়গাটিই তাঁর বিচরণক্ষেত্র। ফলে নানা মাত্রায় জানার ও দেখার সুযোগ হয়েছে আধুনিক ইউরোপকে। ড. এমরান জাহানের মূল গবেষণার বিষয় সমসাময়িক বাংলার ইতিহাস। বিশেষ করে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করেন সংবাদ-সাময়িকপত্রের গবেষণায়। সংবাদপত্রে বাঙালি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে জনমতের প্রতিফলন উদ্ঘাটনে গবেষক হিসেবে নিয়োজিত আছেন। এ বিষয়ে তাঁর একটি গবেষণামূলক গ্রন্থ বাংলা একাডেমি থেকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম: ইতিহাস ও সংবাদপত্র ১৯৪৭-১৯৭১ শিরোনামে প্রকাশিত হয়েছে। এ ছাড়া বাঙালি জাতীয়তাবাদ ও সংবাদপত্র শীর্ষক অপর একটি গ্রন্থ প্রকাশের অপেক্ষায়। মধ্যযুগের বাংলার সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস শীর্ষক একটি গ্রন্থ ২০০৮ সালে প্রকাশিত হয়। শুধু সংবাদপত্র বিষয়ে তাঁর ২১টি গবেষণামূলক প্রবন্ধ বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। ড. এমরান জাহান বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ ইতিহাস পরিষদ, বাংলাদেশ ইতিহাস একাডেমি, বাংলা একাডেমির আজীবন সদস্য। এ ছাড়া ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের আজীবন সদস্য।