সর্বকালের সবচেয়ে ক্ষমতাধর রানিদের একজন বলে মনে করা হয় নেফারতিতিকে। সৌন্দর্যেও তিনি ছিলেন অতুলনীয়। নেফারতিতি ছিলেন প্রাচীন মিশরের একজন রানি এবং মিশরের ক্ষমতাধর ফারাও চতুর্থ আমেনহোটেপ, যিনি পরবর্তীকালে আখেনাতেন নামে পরিচিত হন, তাঁর মহান রাজকীয় স্ত্রী (Great Royal Wife)। চতুর্থ আমেনহোটেপের প্রধান সঙ্গী ও রাজনৈতিক সহযোগী হিসেবে নেফারতিতিকে বিশেষভাবে অভিহিত করা হতো। বিভিন্ন সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়েছিল তাঁকে।
প্রায় সাড়ে তিন হাজার বছর আগে নেফারতিতি শুধু একজন রানি হিসেবেই নয়, বরং একজন প্রভাবশালী শাসক হিসেবেও ইতিহাসে স্থান করে নেন। তিনি তাঁর স্বামীর সঙ্গে প্রাচীন বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য শাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আখেনাতেনের ধর্মীয় সংস্কার আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং সূর্যদেব আতেন-কে কেন্দ্র করে একেশ্বরবাদী ধর্মীয় উপাসনা প্রতিষ্ঠার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁদের উদ্যোগে নির্মিত হয় নতুন রাজধানী আখেতাতেন (বর্তমান আমার্না), যা সে সময়ের স্থাপত্য ও সংস্কৃতির এক অনন্য নিদর্শন ছিল।
প্রাচীন মিশরের বিভিন্ন মন্দির ও শিলালিপিতে নেফারতিতিকে এমনভাবে চিত্রিত করা হয়েছে, যা থেকে বোঝা যায় তিনি শুধু রাজপরিবারের সদস্য ছিলেন না, বরং রাষ্ট্রীয় ও ধর্মীয় কর্মকাণ্ডেও সরাসরি অংশগ্রহণ করতেন। অনেক গবেষকের মতে, আখেনাতেনের জীবনের শেষদিকে তিনি সহশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, এমনকি কিছু ঐতিহাসিকের ধারণা- স্বামীর মৃত্যুর পর স্বল্প সময়ের জন্য তিনি নিজেও মিশরের শাসক হতে পারেন। যদিও এ বিষয়ে গবেষকদের মধ্যে এখনো মতভেদ রয়েছে।
নেফারতিতি তাঁর স্বামী এবং তাঁদের ছয় কন্যাকে অত্যন্ত ভালোবাসতেন ও যত্ন করতেন। রাজপরিবারের পারিবারিক জীবনের যে দৃশ্যগুলো প্রাচীন শিল্পকলায় ফুটে উঠেছে, সেখানে তাঁদের আন্তরিক সম্পর্কের পরিচয় পাওয়া যায়, যা সে সময়ের রাজপরিবারের শিল্পরীতিতে ছিল তুলনামূলকভাবে বিরল।
নেফারতিতির সবচেয়ে বিখ্যাত নিদর্শন হলো তাঁর চুনাপাথরের রঙিন আবক্ষ মূর্তি (বক্ষভাস্কর্য), যা ১৯১২ সালে জার্মান প্রত্নতাত্ত্বিক লুডভিগ বর্খার্ট আমার্নায় আবিষ্কার করেন। এই ভাস্কর্যটি বর্তমানে জার্মানির বার্লিনের নিউয়েস জাদুঘরে সংরক্ষিত রয়েছে এবং এটি প্রাচীন বিশ্বের শিল্পকলার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বিবেচিত হয়।
আজও নেফারতিতিকে প্রাচীন মিশরের সমৃদ্ধ কৃষ্টি, শিল্প, সৌন্দর্য, ক্ষমতা ও নারীর নেতৃত্বের এক উজ্জ্বল প্রতীক হিসেবে স্মরণ করা হয়। তাঁর জীবন ও কর্ম ইতিহাসবিদ, প্রত্নতাত্ত্বিক এবং গবেষকদের কাছে এখনো এক গভীর আগ্রহের বিষয়।