Night Cream
3 min read
নাইট ক্রিম ব্যবহারের নিয়ম

দিনের ক্লান্তি, ধুলাবালি, পরিবেশের দূষণ আর সূর্যের আলোর প্রভাবে সারাদিনে ত্বক অনেক ক্ষতির সম্মুখীন হয়। আর এই ক্ষতির থেকে ত্বককে রক্ষা করতে একটি উপযুক্ত নাইট ক্রিম সঠিক নিয়মে ব্যবহার করা প্রয়োজন।
সঠিক নিয়ম না জেনে ভুল সময়ে, ভুল পরিমাণে বা ভুল পদ্ধতিতে নাইট ক্রিম ব্যবহার করলে ত্বকে জ্বালাপোড়া, ব্রণ কিংবা তৈলাক্ততার সমস্যা দেখা দেয়।
আজকের এই আর্টিকেলে আমরা নাইট ক্রিম ধাপে ধাপে সঠিক ব্যবহার পদ্ধতি এবং সতর্কতা নিয়ে বিস্তারিত আলোচনা করব।
নাইট ক্রিম কী এবং এটি কীভাবে কাজ করে?
নাইট ক্রিম হলো এমন একটি স্কিনকেয়ার প্রোডাক্ট যা বিশেষভাবে রাতে ব্যবহারের জন্য তৈরি। এর ঘনত্ব সাধারণ ময়েশ্চারাইজারের তুলনায় বেশি এবং এটি পুষ্টিকর উপাদানে ভরপুর থাকে।
রাতে ঘুমানোর সময় আমাদের ত্বক বাইরের রোদ ও দূষণ থেকে মুক্ত থাকে এবং ক্ষয়ক্ষতি মেরামতের কাজ করে। নাইট ক্রিম ত্বকের গভীরে প্রবেশ করে এই প্রাকৃতিক রিপেয়ার প্রক্রিয়াকে সহায়তা করে।
ধাপে ধাপে যেভাবে নাইট ক্রিম ব্যবহার করবেন
সঠিক কার্যকারিতা ও ফলাফল পেতে নিচের ধাপগুলো অনুসরণ করে নাইট ক্রিমটি আপনার ত্বকে ব্যবহার করুন:
১. মেকআপ ও সানস্ক্রিন সম্পূর্ণ তুলে ফেলুন
সারাদিনের ধুলাবালি, মুখে জমে থাকা ময়লা, ঘাম, মেকআপ, সানস্ক্রিন, ও অতিরিক্ত তেল ভালোভাবে পরিষ্কার করুন। প্রয়োজনে প্রথমে ক্লেনজিং অয়েল বা মেকআপ রিমুভার ব্যবহার করুন।
২. ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করুন
আপনার ত্বকের ধরন অনুযায়ী একটি মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করুন। মুখে জমে থাকা ময়লা, ধুলোবালি ও মেকআপের অবশিষ্ট ভালোভাবে পরিষ্কার করে মুখ ধুয়ে নিন। এবং নরম কাপড় বা তোয়ালে দিয়ে আলতো করে মুখ মুছে নিন।
৩. টোনার ব্যবহার করুন (ঐচ্ছিক)
মুখ পরিষ্কার করার পর এবার একটি ভালো টোনার ব্যবহার করতে পারেন। টোনার ব্যবহার করলে ত্বকের পিএইচ (pH) ব্যালেন্স ঠিক থাকে এবং পরবর্তী স্কিনকেয়ার প্রোডাক্ট ভালোভাবে শোষিত হতে সহায়তা করে।
৪. পরিমাণ মতো নাইট ক্রিম ব্যবহার করুন
এবার পরিমাণ মতো ক্রিম নিন এবং ক্রিমটি কপাল, দুই গাল, নাক ও থুতনিতে ছোট ছোট ডট করে লাগিয়ে আলতোভাবে নিচ থেকে উপরের দিকে ম্যাসাজ করুন। মুখের চারপাশে ব্যবহারের পাশাপাশি প্রয়োজনে গলাতেও সমানভাবে ব্যবহার করতে পারেন।
৫. শোষিত হতে সময় দিন
ক্রিমটি ত্বকে লাগানোর পর কয়েক মিনিট অপেক্ষা করুন, যাতে এটি ত্বকে ভালোভাবে মিশে যায়। অন্যথায় বালিশে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
নাইট ক্রিম ব্যবহারের সময় যেসব ভুল করবেন না
- অপরিষ্কার মুখে ব্যবহার: মুখ ভালোভাবে না ধুয়ে অপরিষ্কার শুষ্ক ত্বকে ক্রিম লাগালে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে ব্রণের সমস্যা দেখা দেয়।
- অতিরিক্ত পরিমাণে ব্যবহার: প্রয়োজনের বেশি বা অতিরিক্ত ক্রিম লাগালেই বেশি বা দ্রুত ফলাফল পাওয়া যাবে এটি ভুল ধারণা। অতিরিক্ত ক্রিম ত্বককে ভারী ও তেলতেলে করে তুলতে পারে।
- চোখের খুব কাছে লাগানো: চোখের চারপাশের ত্বক মুখের অন্যান্য অংশের চেয়ে বেশি সেনসিটিভ। তাই চোখের চারপাশে নাইট ক্রিম ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে। প্রয়োজনে ভিটামিন সি বা রেটিনল এর মতো শক্তিশালী উপাদান যুক্ত থাকলে চোখের আশেপাশে ব্যবহার এড়িয়ে চলা ভালো।
- ক্রিম লাগিয়েই ঘুমিয়ে পড়া: ক্রিম ত্বকে শোষিত হতে অন্তত ১৫-২০ মিনিট সময় দিন। লাগানোর পরপরই ঘুমালে ক্রিমটি ত্বকের বদলে আপনার বালিশে লেগে যেতে পারে।
কখন থেকে নাইট ক্রিম ব্যবহার করা শুরু করবেন
সাধারণত ২০-২৫ বছর বয়সের পর থেকেই নাইট ক্রিম ব্যবহার শুরু করা যায়, কারণ এই সময় থেকে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমতে শুরু করে এবং ধীরে ধীরে বয়সের ছাপ পড়ার প্রবণতা তৈরি হয়। তবে ত্বকের অবস্থা, ক্রিমের উপাদান ও ধরন অনুযায়ী কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে।
বয়সভিত্তিক ব্যবহার উপযোগী নাইট ক্রিমের ধরন
- ২০-২৫ বছর বয়স: সাধারণ ও হালকা হাইড্রেটিং মৃদু ফর্মুলার নাইট ক্রিম, যা ত্বকে আর্দ্রতা ধরে রাখে।
- ২৫-৩০ বছর বয়স: কোলাজেন বুস্টার এবং ত্বকের মৃত কোষ দূর করার মতো ক্রিম।
- ৩০ বছর বা তার বেশি: অ্যান্টি-এজিং উপাদান (যেমন: রেটিনল, পেপটাইড বা ভিটামিন সি) যুক্ত ক্রিম।
যাদের ত্বক অতিরিক্ত সেনসিটিভ বা ব্রণপ্রবণ, তাদের উচিত ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে ত্বক অনুযায়ী উপযুক্ত ক্রিম নির্বাচন করা।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন
নাইট ক্রিম কি দিনের বেলায় ব্যবহার করা যায়?
সাধারণত ক্রিম রাতে ব্যবহারের জন্যই তৈরি। অনেক নাইট ক্রিমে থাকা সক্রিয় উপাদান সূর্যের আলোর সংস্পর্শে এলে ত্বকের ক্ষতি করতে পারে বা কার্যকারিতা কমে যেতে পারে। তাই নাইট ক্রিম দিনের বেলা ব্যবহার না করাই ভালো।
নাইট ক্রিম লাগানোর কতক্ষণ পর ঘুমানো উচিত?
স্কিনে ক্রিম লাগানোর অন্তত ১০-১৫ মিনিট পর ঘুমাতে যাওয়া ভালো। এতে ক্রিমটি ত্বকে ভালোভাবে শোষিত হয় এবং ঘুমানোর সময় ক্রিম বালিশে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না।









