এখন লিখে চলেছেন এমন একত্রিশজন কবির কবিতা নিয়ে আমরা দুজন খেয়ালে খেয়ালে সম্পাদনাটি করে ফেললাম। যাদের লেখা স্থান পেয়েছে বয়স, কবিতা ও কবিমূল্য নির্বিশেষে আমাদের বন্ধুস্থানীয়, চেনাজানা। কোনো সুচিন্তিত নির্বাচন এখানে করা হয়নি। অনেকটা রেনডম সিলেকশন। তাড়াহুড়া করেছি, অনেকের সাথে যোগাযোগ করা যায়নি। যাদের সাথে যোগাযোগ করতে পেরেছি তাদের অনেকে লেখা দিতে পারেননি/দেননি অথবা দিতে অনীহ ছিলেন। তবু বের করলাম।
আমাদের খেয়াল ছিল আমাদের বন্ধু ও সক্রিয় লেখকদের ভাবনাচিন্তার ধরনধারণ আঁচ করা। তা আমাদের যেমন কাজে লাগবে, সহযাত্রী কবি ও পাঠকদেরও কাজে লাগতে পারে।
আমরা কিছু প্রশ্ন রেখেছিলাম তাদের ভাবনা ও মনের কোণাকাঞ্চির খবর যদি জোগাড় করতে পারি। প্রশ্নের প্রতিক্রিয়াও পেয়েছি নানা রকম। এমনটাই আশা করেছিলাম। কেউ কেউ আপত্তি তুলেছে। আমরা নাকি তাদের ফ্রেমে আটকাতে চেয়েছি। আমরা তর্কে জড়াইনি। তাদের মনোভাবকে সম্মান জানিয়েছি। প্রশ্নের উত্তর দিতে না চাইলে প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়ে ছাপিয়ে দিয়েছি। কেউ কেউ সব প্রশ্নের উত্তর দেননি। তার কারণ হয়ত ভিন্ন ভিন্ন। তবে পাঠক তার মতন করে কিছু না কিছু আঁচ করতে পারবেন। আর কবিদের নানা মতও আমাদের সমৃদ্ধ করবে আশা করি।
ভুলত্রুটি থাকছে, তবে তাকে থোরাই কেয়ার করছি। কারণ আমাদের অন্য বন্ধুরা ও গুণীজনেরা আরও সতর্ক মনযোগে বের করবেন, আমরা উপকৃত হবো।
সকলকে ধন্যবান-অভিনন্দন-কৃতজ্ঞতা। পাঠকদের জন্য বেশি বেশি ভালোবাসা।
কবিতা পড়ুন! কবিতার পাশে থাকুন।
[প্রশ্নগুলোর উত্তর/প্রতিক্রিয়া কবিদের কথায় ছাপা হয়েছে। প্রশ্নগুলো প্রথমেই যুক্ত করে দিয়েছি, পুনরাবৃত্তির বিড়ম্বনা এড়াতে।]
১. আপনার শৈশবের গ্রাম/শহর/অতিবাহিত জীবন ও বেড়ে ওঠা সম্পর্কে কিছু বলুন।
২. কবিতা লিখেন কেন? আর রবীন্দ্রনাথ, জীবনানন্দ, নবারুণ ভট্টাচার্য, শামসুর রাহমান, আল মাহমুদ প্রমুখের পর নতুন কী লিখবেন?
৩. কবিতার পথে আসার প্রেক্ষিতটি বলুন।
৪. লিটলম্যাগ, সোসাল মিডিয়া, পত্রপত্রিকা কোথায় লিখতে সচ্ছন্দবোধ করেন?
৫. কোন কোন লিটলম্যাগ, ওয়েবম্যাগ ও পত্রপত্রিকায় লিখছেন?
৬. কোনো পত্রিকা/প্রকাশনায় যুক্ত আছেন? থাকলে নাম বলুন।
৭. আপনার চর্চা-সহযাত্রীদের নাম বলুন।
৮. আপনার এসব তৎপরতার উদ্দেশ্য কী?
৯. কবিতার সময়কাল, ভাষা, সামাজিক অনুষঙ্গ ইত্যাদি বিষয়ে কিছু বলুন।
১০. মানুষ তো কবিতা পড়ে না। কবিতা/কবিদের সাথে এ বিচ্ছিন্নতা কেন? সমাধান কী?
১১. কবিতার সাথে রাজনীতির সম্পর্ক আছে বলে মনে করেন?
১২. একাত্তর, নব্বই ও চব্বিশ সম্পর্কে আপনার কোনো বিশেষ মতামত আছে কি? থাকলে বলুন।